মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই। যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ রইল।
শনিবার বিকেলে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বিকেএস হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এখন সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম বলেও মন্তব্য করেন খোন্দকার আকবর হোসেন বাবলু। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরে জনগণের কাছে যাচ্ছি। তাদের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএনপি আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ঘোষিত ৩১দফার আলোকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে। যাতে করে হাজারও ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী উন্নত সোনার দেশ হিসেবে গড়ে উঠতে পারে।
বাচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লাহর সভাপতিত্বে দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাচামারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. বারেক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম সরকারসহ দৌলতপুর উপজেলা ও বাচামারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

