প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করছি। যেখানে সব নাগরিক দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান সুযোগ লাভ করবে।
শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে পথসভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী নুর আরো বলেন, আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। এখন স্থানীয় নির্বাচনে আবার ভোট চাইতে যাবেন।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আপনারা এই কাজে প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ এই কার্ড পায়। দেখা যায়, প্রতিবন্ধী ভাতা পায় ভালো মানুষ, সচ্ছল মানুষ পায়। এখন আপনারা ইউএনওকে বলবেন, এই লোক ভালো মানুষ। সচ্ছল মানুষ। তার ভাতা পুনর্বিবেচনা করবেন। সরকারের চিন্তাভাবনা হচ্ছে, মানুষের জন্য কাজ করা। মানুষের সমর্থন ধরে রাখা।
এ সময় বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

