স্মৃতিফলকে শহীদের রাজনৈতিক পরিচয় বাদ: ক্ষুব্ধ যুবদল-ছাত্রদল

স্মৃতিফলকে শহীদের রাজনৈতিক পরিচয় বাদ: ক্ষুব্ধ যুবদল-ছাত্রদল

মানিকগঞ্জের পাটুরিয়ায় শহীদ মো. রফিকুল ইসলামের স্মৃতিফলকে তার রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে ‘শ্রমজীবী’ লেখা হওয়ায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শিবালয় উপজেলা যুবদল ও জেলা ছাত্রদল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে পাটুরিয়া ফেরিঘাটের অদূরে স্মৃতিফলকে শ্রদ্ধা জানাতে গিয়ে এ বিষয়টি নজরে আসে, এবং সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শিবালয় উপজেলা যুবদলের সভাপতি হোসেন আলী বলেন, ‘শহীদ রফিকুল ইসলাম শুধু একজন শ্রমজীবী ছিলেন না, তিনি ছিলেন শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক। তাঁর আত্মত্যাগের প্রকৃত পরিচয় মুছে ফেলার এই অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। স্মৃতিফলকে ‘যুবদল নেতা’ উল্লেখ না করে ‘শ্রমজীবী’ লেখা মানেই ইতিহাস বিকৃতির চক্রান্ত।’

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, শহীদ মো. রফিকুল ইসলাম সর্বশেষ যুবদল করলেও আগে উলাইল ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। স্মৃতিফলকে তাঁর রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে ‘শ্রমজীবী’ লেখা হওয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও অভিযোগ করেন,> “জুলাই মাসের গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বীরত্বপূর্ণ অবদান আড়াল করতেই এমন অপচেষ্টা চলছে। মানিকগঞ্জেও সেই চক্রান্তের প্রতিফলন ঘটেছে।”

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, ‘স্মৃতিফলকের লেখার কাজটি জেলা প্রশাসনের নয়। এটি ঢাকায় তৈরি হয়েছে। লিখিত অভিযোগ পেলে তা ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সকালে শহীদের গ্রামেরবাড়ি রূপসা গ্রামে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা বিএনপির নেতা সত্যেনকান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা যুবদলের সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক সোহেল রানা, শহীদের পিতা মো. রহিজ উদ্দিনসহ স্থানীয় জনগণ।

২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের অদূরে আরসিএল মোড়ে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে শহীদ হন মো. রফিকুল ইসলাম। তিনি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী, যিনি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন