ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মুহাতারামা নূরুন্নিসা সিদ্দীকার আগমন উপলক্ষে গোয়ালন্দে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল এলাকার হাজিবাড়ি মসজিদ মাঠ প্রাঙ্গণে হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার তেজগাঁও কলেজের সাবেক অধ্যাপক শেখ মহিউদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জালালউদ্দিন, কেন্দ্রীয় শুরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফরিদপুর আঞ্চলিক টিমের সদস্য মো. শামসুল আল বরাটী, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ফরিদপুর আঞ্চলিক দায়িত্বশীল নেত্রী নাজমুনন্নেসা এবং গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম মীর মালত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাসসহ স্থানীয় নেতারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা বলেন, দেশের বিচারব্যবস্থা সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ এখন আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই প্রেক্ষাপটে বিচার ও রাষ্ট্র পরিচালনার কাঠামোও যুগোপযোগী হওয়া জরুরি। আমরা চাই আধুনিক ও কোরআনের আদর্শভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালিত হোক।
এ সময় তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এমপি সেগুলো গুরুত্বসহকারে শোনেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

