বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

শরীয়তপুর সদর উপজেলায় দীর্ঘদিন ধরে প্রশাসনের একাধিক নোটিশ উপেক্ষা করে চালু রাখা একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে অকার্যকর করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলপাড়া এলাকায় অবস্থিত মেসার্স হাওলাদার ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা। এ সময় অভিযানে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৈধ অনুমোদন না থাকায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ অধিদপ্তর থেকে ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট মালিক পক্ষ সেই নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিল।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে প্রশাসন অভিযান চালিয়ে ইটভাটার চিমনির একটি অংশ ভেঙে অকার্যকর করে। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৮(২) ধারায় সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, আইন অনুযায়ী ভাটাটির অবস্থান অবৈধ। তিন বছর আগে নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনার আলোকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা জানান, আইন অনুযায়ী কোনো ইটভাটার এক কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকলে তা সরিয়ে নিতে হয়। কিন্তু হাওলাদার ব্রিকসের মাত্র আড়াইশ মিটারের মধ্যেই একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও মালিক পক্ষ ভাটা সরিয়ে নেয়নি।

তিনি আরো বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ভাটাটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাটাটির কারণে এলাকায় ধোঁয়া ও দূষণের সমস্যা ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন