নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে একটি বেসরকারি মহিলা মাদরাসার পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে দুই ছাত্রীর মুখ পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত শিক্ষার্থীরা হলো জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার হাজীপাড়া এলাকার মালেহা মহিলা মাদরাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন ছাত্রী মাদরাসার ছাদে খেলাধুলা করছিল। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুতায়িত হয়। এতে পাঁচ ছাত্রী দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান জানান, শিক্ষার্থীরা সাধারণত ছাদে খেলতে যায় না। তবে শনিবার বিকেলে কয়েকজন শিক্ষার্থী ছাদে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আহত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, শিক্ষার্থীরা ছাদে আখ নিয়ে খেলছিল। আখের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটলে স্পার্ক সৃষ্টি হয় এবং এতে শিক্ষার্থীরা দগ্ধ হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি তদন্ত করছে।
জাতীয় বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত কয়েকজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

