আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক
গাড়ি চাপায় আহত বেলারুশ নাগরিক, ইনসেটে আটক চালক - ছবি: আমার দেশে

পাবনার ঈশ্বরদীতে এক বেলারুশ নাগরিককে প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে পুলিশ এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

সোমবার রাতে ঈশ্বরদীর নতুন হাট গ্রীনসিটি সংলগ্ন বাজার এলাকায় গ্যালাক্সি বার-এর সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত বিদেশি নাগরিকের নাম হারশাকৌ উলাজিস্লাউ (২৯)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প-এ কর্মরত নিকিমথ কোম্পানির একজন বেলারুশিয়ান প্রকৌশলী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) তাকে লক্ষ্য করে দ্রুতগতিতে এগিয়ে আসে এবং চাপা দেওয়ার চেষ্টা করে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পর পরই চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গ্রিন সিটির অভ্যন্তরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জড়িত প্রাইভেটকারটির চালক ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার বাসিন্দা আরশাদ আলমের ছেলে মো. সানজিদ (২১)-কে পুলিশ আটক করেছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...