চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, অভিযোগ মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে

চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, অভিযোগ মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর বাড়িতে মৎস্যজীবী দল নেতার নেতৃত্বে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ফতুল্লা থানার নরসিংপুর এলাকায় রুবেল নামের ওই ব্যবসায়ীর বাড়িতে এ হামলা চালানো হয়।

এ সময় চার রাউন্ড গুলিবর্ষণ করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী বাড়িঘরে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ভুক্তভোগী ব্যবসায়ী রুবেলের দাবি, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এইচ এম হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে এইচ এম হোসেনের দাবি, ‘রুবেলের অনুসারীরা শনিবার সকালে আমার কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।’ এ ঘটনায় শনিবার রাতে ফতুল্লা থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে উভয়পক্ষ।

হামলার শিকার রুবেল হোসেন জানান, ‘আমি এলাকায় ড্রেজার ব্যবসা করে আসছি। এক মাস আগে কাদির ও সোহাগ নামের বিএনপির দুই নেতা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ৩০ জুলাই আমাকে মারধর করা হয়। সর্বশেষ শনিবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এইচ এম হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে ভাঙচুর ও গুলিবর্ষণ করে। আমি তখন বাসায় ছিলাম না। বাড়ির নারী ও শিশুরা আতঙ্কে চিৎকার শুরু করে।’

এ ঘটনায় রুবেলের ভাবি বৃষ্টি আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে এইচ এম হোসেনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন