কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরিকল্পিত প্রস্তুতি ছাড়া এ ধরনের ঘোষণা নেতাকর্মীদের জন্য আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার কিশোরগঞ্জে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে ঘিরে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিকল্পিতভাবে এমন ঘোষণা এলে দলটির নেতাকর্মীরা উৎসাহিত হতে পারতেন। কিন্তু এখন এ ধরনের ঘোষণার কারণে অনেকেই জেলে যাচ্ছেন এবং আইনি জটিলতায় পড়ছেন।’
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি দেশের যে ক্ষতি করেছেন, তার বিচার হলেও তা কম হবে।’ তবে জুলাই দিবসের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনূসকে যে সম্মান দেখিয়েছেন, সেটিকে তিনি রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করে কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় ভালোভাবে দেশ পরিচালনা করছে।
জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি দুর্ভাগা দল। ব্রিটিশবিরোধী আন্দোলনের শেষ পর্যন্ত তারা ব্রিটিশদের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার পক্ষে না দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এ কারণেই তাদের অধঃপতন হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

