‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য।’ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার ও সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি দুর্গামন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুইপ অপু বলেন, সাধারণত রাজনৈতিক নেতারা পূজার দিন মণ্ডপ পরিদর্শনে যান। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংসদ সদস্যদের আগাম পরিদর্শনে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তিনি আগাম মন্দির পরিদর্শনে এসেছেন।
তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে হুইপ অপু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছেন। কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভেদ কিংবা উসকানি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সামাজিক মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্দির পরিদর্শনকালে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নগদ অর্থ ও চাল বিতরণ করেন। পরে ডামুড্যা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা চিকিৎসক শাহ আলম সিদ্দিকীর হাতে ডেঙ্গু রোগ শনাক্তকরণের ৫০০টি কিট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল শিকদার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

