মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিখোঁজ এক বছর বয়সী শিশু আবিরের লাশ পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলার মান্নান হাজীর মোড়সংলগ্ন মাদরাসা ঘাট এলাকায় নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে। লাশ তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট উপজেলার বাখরেরকান্দি এলাকায় ঝোপের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত ওই নারীর নাম শম্পা খাতুন (২৮)। তিনি নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি এলাকার ছামরুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় নিহত শম্পার বাবা ছামরুল ইসলাম বাদী হয়ে গত ২০ আগস্ট শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ও র‍্যাব-৮-এর একটি যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফারুক মোল্লাকে আটক করে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক মোল্লা শম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যা এবং তার ছেলে আবিরকে হত্যা করে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই শিশু আবির নিখোঁজ ছিল। টানা পাঁচ দিন খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে আড়িয়াল খাঁ নদে শিশুটির লাশ ভেসে ওঠে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন