নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাকা না পেয়ে বিএনপির দুই কর্মীর নামে হত্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে বাদীর বিরুদ্ধে। উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং গ্রুপের শ্রাবণের সঙ্গে দ্বন্দ্ব চলছিল শিমুল গ্রুপের। এরই জেরে ৪ ফেব্রুয়ারি শ্রাবণ গ্রুপের রাশেদুল ও হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত হৃদয়ের চাচা তৌহিদুল ইসলাম। মামলায় বিএনপিকর্মী শাহজাহান মিয়া ও বিপ্লব মিয়াকেও আসামি করা হয়েছে।
অথচ শাহজাহানের বাড়ি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে। এমনকি ঘটনার সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা জানাতে সিদ্ধিরগঞ্জে গিয়েছিলেন তিনি।
শাহজাহান বলেন, মামলায় আসামি করা হবে না জানিয়ে বিপ্লব ও আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তৌহিদুল। টাকা দিতে অস্বীকার করায় আমাদের দুজনের নামে মামলা করেন তিনি।
মামলার বাদী তৌহিদুল বলেন, সংঘর্ষের ঘটনায় লোকমুখে যাদের নাম শুনেছি তাদেরই অভিযুক্ত করা হয়েছে। তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেন তিনি।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। নিরপরাধ কাউকেই হয়রানি করা হবে না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

