আড়াইহাজারে ৪ বছর ধরে অনুপস্থিত চিকিৎসক, অধিদপ্তরে চিঠি দিয়েও ফল মেলেনি

আড়াইহাজারে ৪ বছর ধরে অনুপস্থিত চিকিৎসক, অধিদপ্তরে চিঠি দিয়েও ফল মেলেনি
ইনসেটে মেডিকেল অফিসার ডা. রাইয়ানা আক্তার শিয়ন

চিকিৎসক আছেন, কিন্তু কর্মস্থলে নেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে। কেন্দ্রটির মেডিকেল অফিসার ডা. রাইয়ানা আক্তার শিয়ন ২০২২ সাল থেকে অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিকিৎসাসেবা পাওয়ার আশায় সাতগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও কেন্দ্রটিতে বিকল্প কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ফলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।

এলাকাবাসীর দাবি, একজন চিকিৎসকের অনুপস্থিতির কারণে সরকারি স্বাস্থ্যসেবা থেকে যেন স্থানীয় বাসিন্দারা বঞ্চিত না হন, সে জন্য দ্রুত বিকল্প চিকিৎসক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ ভূঁইয়া জানান, ডা. রাইয়ানা আক্তার শিয়নের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাকে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। তবে কোনো চিঠির জবাব পাওয়া যায়নি। বর্তমানে ওই চিকিৎসক বেতনও নিচ্ছেন না বলে জানান তিনি।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন