দেশে মানুষ নিখোঁজ ও খুনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে । বিভিন্ন জায়গায় প্রতিদিন মানুষ নিখোঁজ ও খুনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় থানায় মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই খুনের ঘটনার রহস্য উদঘাটন হচ্ছে না। এতে করে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামের মধুমতী নদীর শাখা খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল প্রতিনিধি জানান, মাদকসেবনের প্রতিবাদ করা নিয়ে বিরোধের জেরে নড়াইলে মাদকসেবীর ছুরিকাঘাতে এক ভ্যানচালক খুন হয়েছে । এতে আহত হয়েছে একজন। গত শনিবার রাত ১০টার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মানসুর মোল্যা। তিনি হাবি মোল্যার ছেলে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড নামে শিল্পকারখানার ভেতর থেকে বিল্লাল হোসেন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন এবং দুটি কান কাটা থাকায়, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত রোববার ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় অবস্থিত মাছ ও পশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির পিপি স্টোর রুমে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে দেওয়া হবে।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক সোহাগ মিঝি হত্যার প্রায় সাত-আট মাস পার হলেও এখনো বিচার পাননি বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা। নিহত সোহাগ মিঝি উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের মিঝি বাড়ির তাজুল ইসলাম মিঝির ছেলে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের দুই কিশোরী। গত চার দিনেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় ভ্যানসহ রিয়াজ হোসেন নামে এক ভ্যানচালক সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে তার মা রিমা খাতুন চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ রিয়াজ হোসেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে নিরীহ ভ্যানচালক সুমন সিকদার হত্যাকাণ্ডের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর পশ্চিমপাড়া এলাকায় চম্পা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ একটি ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। চম্পা খাতুন ওই এলাকার আতওয়ারের মেয়ে। তার স্বামী আসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার রূপসায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর ফ্রেশ ফুডের পেছনের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাপ্পি ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর উত্তর চকের পাড়া-সংলগ্ন মাইঠা নদীর সংযোগ গাজীপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা খাতুন নামের এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের একটি পানবরজের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় পানবরজের মালিক জাহাঙ্গীর, তার ছেলে রমজান ও আব্দুর রহমান নামের তিনজনকে আটক করা হয়েছে।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, চরফ্যাশনে নিখোঁজ হওয়ার এক দিন পর বশার পণ্ডিত নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার নজরুলনগর ইউনিয়নের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন ব্যক্তির বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

