মাদারীপুর জেলার শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আজিজুল মিয়া (৩১) ও মোকলেস রহমান (৩৩)।
পুলিশ সূত্র থেকে জানা যায়, গত ১২ এপ্রিল রাতে ঢাকার একটি এলাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল তেল নিয়ে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেন ট্রাকচালক ইছরাফিল হোসেন ও তার সহকারী। এর পরদিন রাত আনুমানিক ১২টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক ও তার সহকারীকে কুপিয়ে আহত করে ট্রাকটি ছিনতাই করে নেয়। ঘটনার পরে আহতদের হাত-পা বেঁধে শিবচরের বাখরেরকান্দি এলাকায় ফেলে রেখে যায় ডাকাতরা। এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শিবচর সার্কেলের পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের জানান, অভিযানে লুণ্ঠিত ট্রাক ছাড়াও তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

