আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫০ হাজার রোজাদারের পাশে আল-মারকাজুল ইসলামী

আমার দেশ অনলাইন

৫০ হাজার রোজাদারের পাশে আল-মারকাজুল ইসলামী

পবিত্র মাহে রমজানে ৫০ হাজার রোজাদারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই.)।

বিজ্ঞাপন

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশব্যাপী এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। রমজানের পবিত্র মাসে যেন কোনো পরিবার সাহরি ও ইফতারে অভাবের কষ্ট না পায় এই লক্ষ্যেই এ উদ্যোগ। গত ৩৮ বছর ধরে আল-মারকাজুল ইসলামী মানবসেবায় নিয়োজিত রয়েছে এবং রমজানেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

প্রতিটি খাদ্যপ্যাকেটে রয়েছে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা এবং ২ কেজি মুড়ি। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রণয়ন ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন, যাতে প্রকৃত উপকারভোগীরা সহায়তা পান।

সংগঠনের ফান্ড রাইজিং অফিসার বলেন, একটি খাদ্যপ্যাকেট হয়তো পরিমাণে সীমিত, কিন্তু একটি পরিবারের জন্য এটি বড় স্বস্তির কারণ। এর সঙ্গে যুক্ত থাকে তাদের আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা।

জানা গেছে, ইতোমধ্যে উত্তরবঙ্গের দিনাজপুর ও লালমনিরহাট, কক্সবাজারের বান্দরবানের আলীকদর ও পোয়ামুহূরী, খুলনার উপকূলীয় এলাকা দাকোপ, বরিশালের বাবুগঞ্জের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায় এবং শরীয়তপুরের একটি চরের বেদে পল্লীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রমজান ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

আল-মারকাজুল ইসলামী সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে, এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে রমজানের বার্তা আরো বিস্তৃত করুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একে অর্থবহ করে তুলুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...