নিজ দলের কেউ চাঁদাবাজি করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা জাহান্দার আলী মিয়া। গত শুক্রবার রাজৈরের আমগ্রামে নিজ বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এ মাসে সবাইকে শপথ নিতে হবে—দুর্নীতি করব না, হারাম খাব না। হারামের দিন শেষ, নতুন বাংলাদেশ গড়তে হবে। মাদারীপুরের রাজৈরে আমগ্রামে রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ করে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের আলাদা তালিকা করতে হবে। কেউ চাঁদাবাজি করলে—সে আমার দলের লোক হলেও—গ্রেপ্তার করবেন। এমনকি কেউ সুপারিশ করতে এলে তাকেও আইনের আওতায় আনতে হবে। ভূমিদস্যুদের সঙ্গে কোনো আপস নয়। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে প্রয়োজনে তালিকা করে অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাবলি মিয়া, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পুলিশ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

