বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নরসিংদীর সাহিত্য, সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্যকে আমরা লালন করতে চাই। আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা বিকশিত করতে চাই। যার কারণে আমাদের বিদেশি সংস্কৃতিকে পরিহার করে আমাদের দেশীয় সংস্কৃতি, কৃষ্টি-কালচারকে যেন আমরা বুকে ধারণ করি এবং এটাকে আমরা যেন এই প্রজন্মের কাছে তুলে ধরি
সেই সাহিত্য, সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমাদের সবাইকে—প্রশাসন থেকে শুরু করে সমাজসেবী, রাজনীতিবিদ, সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। কারণ, একটি জাতি কতটা উন্নত, তা অনেকটা নির্ভর করে সেই দেশের সংস্কৃতি কতটা উন্নত তার ওপর।
তিনি সোমবার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে বর্ষায় নজরুল ও ২০২৫-২৬ অর্থবছরে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমির বেহাল অবস্থা ও নোংরা পরিবেশ দেখে তিনি আরো বলেন, ‘বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে তারা আসলে লুটপাটে ব্যস্ত ছিল। দেশের সংস্কারের কোনো কাজ করেনি। মানুষের বা জনগণের কল্যাণের জন্য কোনো কাজ করেনি, কারণ তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না। এই যে চমৎকার একটি অডিটোরিয়াম, এটি সংস্কার করলে একটি সুন্দর পরিবেশ তৈরি হতো। প্রয়োজনীয় সংস্কার করে এটাকে দৃষ্টিনন্দন করার দরকার ছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই সাংস্কৃতিক ও অনুদানের চেক বিতর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলার ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মাঝে ৯ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা ও জেলার ৮টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে ৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

