মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপরে হামলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতার ধাওয়া ও মারধরে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। নিহত তাইজুল সরদার আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানের সামনে বোরকা পরিহিত চার যুবক একটি অটোরিকশা থেকে নেমে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার, মহাসিন ও জহির চৌকিদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যায় এবং তাইজুল জনতার হাতে আটক হন। এ সময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, হামলায় আহত মহাসিন ও জহির চৌকিদার আপন দুই ভাই। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বিশেষ করে জহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাজার কমিটির সভাপতি ফিরোজ সরদার বলেন, ‘দোকানের সামনে চারজনকে বোরকা পরা অবস্থায় দেখে প্রথমে ভেবেছিলাম, তারা নারী ও ভিক্ষা করতে এসেছেন। অটোরিকশা থেকে নেমেই তারা তিনটি বোমা বিস্ফোরণ ঘটান। একটি বোমার বিস্ফোরণে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর তারা জহিরকে কোপাতে শুরু করেন। মিলন চেয়ারম্যান তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার শরীরেও রক্ত লাগে। পরে মহাসিনের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা ধাওয়া করলে তিনজন পালিয়ে যায়। তাইজুলকে আটক করার পর মারধরে তিনি গুরুতর আহত হন।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তবে এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

