‘একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করে পুনরায় দেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীসহ এমপি-মন্ত্রীরা শপথ নেওয়ার পর থেকে টিমওয়ার্ক করে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশ। আমাদের রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি। আর এই বৈচিত্র্যের মধ্যেই আমরা ঐক্য খুঁজি।’
তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে মতের পার্থক্য থাকবে, ধর্মের পার্থক্য থাকবে, রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকবে—এ সবই একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যের মধ্যেই ঐক্য গড়ে তুলতে চাই।’
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আজ পৃথিবীর বিভিন্ন স্থানে হানাহানি, যুদ্ধ ও অশান্তি চলছে। আমরা সেখান থেকে আলাদা হয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
বাংলার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় জ্ঞান-বিজ্ঞান ও সমৃদ্ধির জন্য সারা বিশ্বের মানুষ বাংলায় আসত। পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণকথায় এই ভূখণ্ডের ঐশ্বর্য ও সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, ‘সঠিক নেতৃত্ব পেলে আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারব। আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি, যেখানে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ আমাদের পাশে আছে। তাদের এই সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
লাঙ্গলবন্দকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘লাঙ্গলবন্দ আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

