আড়িয়াল খাঁ নদে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আড়িয়াল খাঁ নদে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদের ভাঙন থেকে বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

নদীভাঙনে ইতোমধ্যে প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি শত শত বিঘা কৃষিজমি হারিয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

শনিবার উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের শিমুলতলী এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদে তীব্র ভাঙন চলছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। এতে একের পর এক বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

স্থানীয়রা জানান, নদীভাঙন রোধে বিভিন্ন সময়ে সাময়িকভাবে জিও ব্যাগসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি। নদীর স্রোত ও ভাঙনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই এসব প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে প্রতিবছর নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে।

তাদের দাবি, শুধু সাময়িক ব্যবস্থা নয়, আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত এলাকায় দ্রুত টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে নদীশাসন ও ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে আগামী দিনে আরও বিপুল পরিমাণ কৃষিজমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন