ঘিওরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ঘিওরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার নিহত লায়লা আরজুর (৬০) নিজ বাড়ির দোতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, দু’সন্তানের জননী লায়লা আরজু দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। তিনি মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী সাইদা বেগম (৩৮) ও তার স্বামী হালিমকে (৪৮) থানায় নিয়ে গেছে।

বিজ্ঞাপন

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে তিনি স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘণ্টাখানেক পর ফিরে এসে স্ত্রীর রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল ৮টার দিকে এক বা একাধিক ব্যক্তি তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্তাধীন।’

ঘটনাস্থল পরিদর্শন করে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী জানান, ‘তদন্ত চলছে, ফরেনসিক দল এসে আলামত সংগ্রহ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হত্যার উদ্দেশ্য এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।’

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন