মধুখালীতে মুক্তিপণ না পেয়ে ১১ বছরের শিশুকে হত্যা: আটক ২

মধুখালীতে মুক্তিপণ না পেয়ে ১১ বছরের শিশুকে হত্যা: আটক ২

ফরিদপুরের মধুখালীতে ১১ বছর বয়সী শিশু তামিম তালুকদার নিখোঁজের তিন দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। গত ১৮ আগস্ট রাতে উপজেলার কোড়কদী ইউনিয়নের বাঁশপুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পরিবার জানায়, ১৫ আগস্ট (শুক্রবার) বিকেলে তামিম ঘাতক তুহিন শেখের সঙ্গে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে তুহিন পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘাতকের স্বীকারোক্তি অনুযায়ী, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৮ আগস্ট সন্ধ্যায় তুহিন শেখকে মাগুরা থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, বাঁশপুর গ্রামের একটি জমির আইল থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, তুহিন একসময় তামিমের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতো এবং এই সূত্রেই সে তামিমের ঘনিষ্ঠ হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত শেষে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। পুলিশ তুহিন শেখসহ দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন