নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

নরসিংদীর মাধবদীতে একটি বাড়িতে ডাকাতির সময় বাধা দিতে গিয়ে শাহজাহান ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার ব্যবসায়ী মিলন ভূঁইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূঁইয়া একই এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল মিলন ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোন করে বিষয়টি জানান। পরে ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে।

খবর পেয়ে পাশের বাড়ি থেকে শাহজাহান ভূঁইয়া ও তাদের চাচা সুরুজ ভূঁইয়া মিলনের বাড়ির দিকে আসেন। এ সময় বাড়ির বাইরে অবস্থান নেওয়া ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ভূঁইয়া নিহত হন এবং সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হন।

স্থানীয়দের ভাষ্য, ডাকাতদল প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবেশী সোহেল মিয়া জানান, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোনে বিষয়টি জানান। পরে শাহজাহান ও চাচা সুরুজ বাড়িটির দিকে এগিয়ে গেলে বাইরে থাকা ডাকাতরা তাদের কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন