আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জন সাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ও ঈদযাত্রায় ভোগান্তি কমাতে শিল্প নগরী টঙ্গীতে ফুটপাতের হকারদের সতর্ক করলেন গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি।
শুক্রবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট এলাকায় উচ্ছেদ অভিযানে উপস্থিত হয়ে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে আজ থেকে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত চলবে। পরবর্তীতেও মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট করা যাবে না। বর্তমান সরকার এই বিষয়গুলোকে একটি শৃঙ্খলার ভেতর আনতে কাজ করে যাচ্ছেন। হকারদের পুনর্বাসনের স্থান খোঁজা হচ্ছে অল্প সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
মহাসড়ক থেকে ফুটপাত উচ্ছেদ না করলে যানজট মুক্ত করা যাবে না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

