পাট ও বস্ত্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী

‘বিরোধী দলের নেতাদের মুখে মধু, অন্তরে বিষ’

‘বিরোধী দলের নেতাদের মুখে মধু, অন্তরে বিষ’

বিরোধী দলের নেতারা পার্লামেন্টে সুন্দর করে কথা বলেন, কিন্তু তাদের মুখে মধু ও অন্তরে বিষ—এমন মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার।

শরীফুল আলম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহল নানা ধরনের অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের রাস্তায়, মাঠে-ঘাটে ঘুমাতে হয়েছে। এখন বিএনপিকে সজাগ থাকতে হবে। আবারও ষড়যন্ত্র হচ্ছে। স্বৈরাচারের দোসররা দেশকে যেন কোনোভাবে অস্থিতিশীল করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, মাত্র সাত মাসে বিএনপি সরকার ব্যাপক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের সামনে আরও সাড়ে চার বছর সময় রয়েছে। কিছুদিনের মধ্যে বিএনপির হাতে নেওয়া উন্নয়নমূলক কাজ ও জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেয়ে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বর্তমান সরকার গঠনের পর থেকেই জনগণের দেওয়া নির্বাচনী ওয়াদা ও ইশতেহার একে একে বাস্তবায়ন করে যাচ্ছে।

সরকারের মাত্র সাত মাসের কার্যকালে কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান এবং বেকার যুবকদের কর্মসংস্থানের মতো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইকোনমিক জোন ও নতুন কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশ যখন একটি সুন্দর ও সম্ভাবনাময় পথে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল রাজপথে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। অতীতে যারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা আবারও দেশের শান্তি বিনষ্ট করতে চায়। তবে জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এ ধরনের সব অপচেষ্টা প্রতিহত করা হবে।

কুলিয়ারচরসহ সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে শরীফুল আলম বলেন, আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, কৃষির উন্নয়ন, শিল্পায়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আরও ফলপ্রসূ হবে। তাই যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে শরীফুল আলম বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলে কোনো ধরনের অভ্যন্তরীণ কোন্দল বা বিভেদ সৃষ্টি করা যাবে না। নির্বাচনে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। তবে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভেদাভেদ ভুলে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, যুব বিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম.এ সালাম সুমনসহ আরও অনেকে।

সমাবেশ শেষে কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন