কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) আনা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর হলো মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)। বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালতের নির্দেশে তাদের কারাগারের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তুহিনের বয়স ১৯ বছর এবং অপর দুইজন অপ্রাপ্তবয়স্ক। চার আসামিকে আদালতে হাজির করার পর বয়স বিবেচনায় দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই শিশু অপরাধীকে সোমবার বিকেল ৪টার দিকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে এবং স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুর ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

