বিদ্যুতের লোডশেডিংয়ে সারা দেশে বিপর্যস্ত জনজীবন

বিদ্যুতের লোডশেডিংয়ে সারা দেশে বিপর্যস্ত জনজীবন
ছবি: সংগৃহীত

সারা দেশে গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করছে। বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন। ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালতের কার্যক্রম এবং শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞাপন

ঘন ঘন লোডশেডিংয়ের ফলে ছোট শিল্পপ্রতিষ্ঠান, দোকানপাট ও সেচনির্ভর কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক ব্যবসায়ী বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করলেও এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। সময়মতো সেচ দিতে না পেরে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরাও। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, বড়াইগ্রামে গরমের সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। দিন-রাত মিলে ১৫-১৬ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র লোডশেডিংয়ের পাশাপাশি লাইন মেরামতের অজুহাতে প্রায় দিনই টানা কয়েক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোলট্রি ব্যবসায়ী, মৎস্যচাষি, অটোরিকশা ও রিকশাভ্যান চালকসহ বিভিন্ন কারখানার মালিকরা। লোডশেডিংয়ে ভোগান্তি বেড়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির রূপসা সাব-অফিসের আওতাধীন এলাকায় রাত-দিন অনবরত বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ । তীব্র গরমের মধ্যে ঘন ঘন ও দীর্ঘমেয়াদি লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া, সরকারি অফিস, গৃহস্থালি ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে দিনে চার-পাঁচবার এবং রাতে লম্বা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। কাজদিয়া কলেজের এইচএসসির ছাত্র এজি রাহুল বলেন, রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় চরম ক্ষতি হচ্ছে। এজিএম ছুটিতে, জুনিয়র ইঞ্জিয়ার সুশান্ত পাল বাইরে থাকায় এ বিষয়ে রূপসা পল্লী বিদ্যুৎ অফিস থেকে কেউ কথা বলতে রাজি হয়নি ।

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উপজেলার বিভিন্ন এলাকায় দিনে প্রায় ১৫-১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। প্রতিবার বিদ্যুৎ চলে গেলে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং স্থায়ী হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। ব্যাহত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়া, ক্ষুদ্র শিল্পকারখানার উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কাঁঠালিয়া উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় তিন দশমিক আট মেগাওয়াট হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র এক দশমিক পাঁচ থেকে দুই মেগাওয়াট। ফলে প্রতিদিন প্রায় দুই মেগাওয়াটের সমপরিমাণ লোডশেডিং করতে হচ্ছে।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে ব্যবসায়ী ও ক্ষুদ্র উৎপাদন শিল্পে প্রভাব পড়েছে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হচ্ছে বলে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে উপজেলাজুড়ে পল্লী বিদ্যুতের লোডশেডিং চরম মাত্রায় বেড়ে যাওয়ায় জনজীবন অস্থির হয়ে উঠেছে।

চিতলমারী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শাহ্‌আলম জানান, উপজেলায় প্রায় ৪৩ হাজার গ্রাহকের জন্য ১০ মেগাওয়ার্ড বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে দিনে-রাতে ২৪ ঘণ্টায় পাঁচ থেকে ছয় মেগাওয়ার্ড বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ না থাকায়, ঘন ঘন লোডশেডিং হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন