নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানের মধ্যেই এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু এবং তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে।
রোববার সকাল ৬টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।
ঘটনার পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে আরিফ আলম দিপু জানান, ছিনতাইকারীরা দুজন মোটরসাইকেল আরোহী ছিল। তারা তার কাছ থেকে টাকা, মেয়ের মোবাইল ফোন ও কানের দুল ছিনিয়ে নেয়। নিজের মোবাইল ফোনটি সঙ্গে না থাকায় সেটি হারানো থেকে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, এ যেন নগরীর প্রতিদিনের চিত্র।
এই ঘটনা শুধু একজন সাংবাদিকের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নয়, বরং ভোরে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং ভোরে যাতায়াত করা যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হচ্ছে শত শত মানুষ। ব্যাপক অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি। ফলে এ অভিযানের কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
ভোরের আলো ফুটতে না ফুটতেই নগরীর রাজপথে ছিনতাইকারীদের দৌরাত্ম্য শুরু হয়। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গণপরিবহনের উদ্দেশে ঘর থেকে বের হওয়া মানুষ কতটা নিরাপদ সেই প্রশ্ন আবারও সামনে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


