পদ্মায় ধরা পড়ল ২২ কেজি কাতল, ভিডিও কলে অর্ধলক্ষ টাকায় বিক্রি

পদ্মায় ধরা পড়ল ২২ কেজি কাতল, ভিডিও কলে অর্ধলক্ষ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি দৌলতদিয়া ঘাট আড়ত থেকে ভিডিও কলের মাধ্যেমে ৫০ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, পাংশা উপজেলার জেলে জহুরুল হালদারের জালে বুধবার ভোরে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মন্ডলের আড়তে নিয়ে এলে সেখানে ডিজিটাল ওজন স্কেলে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২২ কেজি।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যাবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ভিডিও কলের মাধ্যমে রাজশাহীর এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫০ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করেন। এতে তার ৪ হাজার ৪০০ টাকা ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাছ ব্যবসায়ী মো. সম্রাট জানান, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছের চাহিদা বাজারে সব সময়ই বেশি থাকে। ভালো দামের আশায় বড় মাছ কিনে দ্রুত বিক্রির চেষ্টা করা হয়। বর্তমানে অনলাইন যোগাযোগের মাধ্যমে সহজেই ভালো ক্রেতা পাওয়া যাচ্ছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় নদীতে অন্যান্য প্রজাতির মাছের উৎপাদন বাড়ছে। ফলে কাতল, ঢাই, বোয়াল, রুই, বাগাড়সহ বড় মাছ এখন বেশি ধরা পড়ছে। তিনি আরো বলেন, নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরো বড় আকারের মাছ পাওয়া সম্ভব হবে।

স্থানীয়রা বলেন, পদ্মা নদীতে মাঝে মাঝে বড় মাছ ধরা পড়লেও এ ধরনের বিশাল আকারের কাতল সচরাচর দেখা যায় না। ফলে মাছটি দেখতে বাজারে ভিড় করেন অনেক উৎসুক মানুষ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন