টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জে কথা কাটাকাটির জেরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া (২২) ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথিমধ্যে একদল যুবক তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, কথা কাটাকাটির জের ধরে পুখুরিয়া গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে সাত থেকে আট যুবক জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুরের দিকে তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পুখুরিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন