ফতুল্লায় বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার

ফতুল্লায় বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন সড়কের পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তার পরনে ছিল সালোয়ার-কামিজ। লাশটি একটি বস্তার ভেতরে ছিল এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সোনালী মার্কেটসংলগ্ন রাস্তার পাশের ঝোপের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। পরে বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে রাতের কোনো একসময় ওই ঝোপের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

এসআই মিলন ফকির আরো জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তরুণীকে কারা এবং কী কারণে হত্যা করেছে এবং লাশটি সেখানে কে বা কারা ফেলে গেছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

লাশের পরিচয়, হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন