দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে উপজেলার জামুর্কী গ্রামের এই মন্দিরটি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন প্রমুখ।
আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি স্থানীয় পূজারীদের সাহস দিয়ে বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষী যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন। বিএনপি নেতাকর্মীরা আপনাদের সঙ্গে আছে। তিনি বলেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশের সম্প্রীতি বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামুর্কী গ্রামের কবির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
এদিকে বিকেল চারটার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় মৃধা কনভেনশন হলরুমে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। মতবিনিময় সভায় ২৭২টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

