আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশ নিরব, জনমনে আতঙ্ক

থানার পাশে সন্ত্রাসীর পিস্তলে গুলি ছোঁড়ার ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

থানার পাশে সন্ত্রাসীর পিস্তলে গুলি ছোঁড়ার ভিডিও ভাইরাল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী কালা জরিপ সম্প্রতি থানার পাশেই নিজ ভবনের ছাদে দাঁড়িয়ে পিস্তল দিয়ে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

তার দাপটে এলাকাবাসী অতিষ্ঠ। তার কারণে ১৫ বছরে এই এলাকা সন্ত্রাসের জনপদে রূপ নিয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, কালা জরিপ কখনো নিজে আবার কখনো এক মেয়েকে নিয়ে গুলি ছুঁড়ছেন। গুলির শব্দে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, গত ৯ সেপ্টেম্বর স্থানীয় ইউপি সদস্য ওয়াহিদুজ্জামানের জমি দখলের চেষ্টা করে জরিপ বাহিনী। পরে ভয় দেখানোর জন্যই এই গুলি চালানো হয় এবং ভিডিওটি ছড়িয়ে আতঙ্ক ছড়ানো হয়।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের শাসনামলে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের ছত্রচ্ছায়ায় কালা জরিপ, টাক্কু রিপন, শুটার আলামিন, কসাই জাহিদ ও ল্যাংড়া আমিরসহ ২০-২৫ জনের বাহিনী গড়ে ওঠে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের দমন, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। আলোচিত পরাগ অপহরণের ঘটনায়ও এই বাহিনীর নাম উঠে আসে।

গত ১৮ সেপ্টেম্বর ইকুরিয়া বাজারে সংবাদ সম্মেলন করে ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান অভিযোগ করেন, কালা জরিপ হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসা, মানব পাচার, চাঁদাবাজি ও ডাকাতির সাথে জড়িত। তার বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা বিচারাধীন থাকলেও প্রতিবারই জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। বর্তমানে তার বাহিনীতে প্রায় দেড়শতাধিক সদস্য রয়েছে, যাদের মধ্যে অর্ধশত কিশোরকে কিশোর গ্যাং হিসেবে ব্যবহার করছে।

এদিকে অস্ত্র প্রদর্শন ও গুলি ছোঁড়ার ভিডিও নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন বলেন, কালা জরিপের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অতীতে অস্ত্র, মাদক ও নারীসহ তাকে আটকও করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি তদন্ত করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন