কিশোরগঞ্জের ইটনা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রিংকুকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার একটি পুলিশ দল দুপুরে ইটনা বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ইটনা উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইটনা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় কিশোরগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ওসি মো. হাবিবুল্লাহ খান জানান, ইটনা থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

