নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ বিক্রেতা ও তার স্ত্রী-মেয়েদেরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় মাছ বিক্রেতা মাসুদ বাঙ্গালীর স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ ঘটনা ঘটে।
মামলায় অভিযুক্তরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল (৬৫), রাসেল (৪০), শেখ জামাল (৫৫), উজ্জল (৪২), অপু (৪০) সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।
ভুক্তভোগীদের অভিযোগ, মাসুদ বাঙ্গালী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মাছ বিক্রি করেন। যুবদল নেতা তাকে ওই স্থানে মাছ বিক্রি করতে নিষেদ করে। এনিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল নেতা শহিদুল ও তার সহযোগীরা মাছ বিক্রেতাকে মারধর করে। তার স্ত্রী ও দুই মেয়ে বাধা দিলে তাদেরকেও মারধর এবং শ্লীলতাহানীর চেষ্টা করে।
মাছ বিক্রেতার স্ত্রী আসমা বলেন, ১০-১২ জন মিলে আমাদের মারধর করেছে। ১ লাখ ৩০ হাজার টাকার মাছ লুটপাট করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, মাছ বিক্রেতা ও তার পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়। মাছ বিক্রিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

