পদ্মায় ধরা দুই বাঘাইড় বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়

পদ্মায় ধরা দুই বাঘাইড় বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়
ছবি: আমার দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়া দুটি বড় আকারের বাঘাইড় মাছ ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেন স্থানীয় জেলে চালাক ও মইনটের নয়ন হালদারসহ তাদের সহযোগীরা। এ সময় চালাকের জালে ২৬ কেজি ওজনের এবং নয়ন হালদারের জালে ৩২ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ ধরা পড়ে। বড় আকারের এই মাছ দুটি ধরা পড়ার খবর দ্রুতই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে নিয়ে আসা হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছ দুটির মোট ওজন ৫৮ কেজি। উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৬ কেজির মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৩২ কেজির মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে তিনি কিনে নেন। এতে মাছ দুটি কিনতে তার খরচ হয় মোট ১ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

পরবর্তীকালে তিনি অনলাইনের মাধ্যমে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে সিলেটের এক প্রবাসীর কাছে মাছ দুটি বিক্রি করেন। জানা যায়, ২৬ কেজির বাঘাইড়টি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা এবং ৩২ কেজির বাঘাইড়টি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়। এতে মাছ দুটি বিক্রি করে মোট ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা পান তিনি।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীর বড় বাঘাইড় মাছের চাহিদা সব সময়ই বেশি। ভালো দামের আশায় মাছ দুটি কিনেছিলাম এবং অনলাইনের মাধ্যমে দ্রুত বিক্রি করতে পেরে লাভবান হয়েছি।’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে নদীতে অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ এখন বেশি ধরা পড়ছে। তিনি আরও বলেন, নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ পাওয়া সম্ভব হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন