শুধু মেধাবী হলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনে সফল হতে হলে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম বাবুল।
রোববার বিকেল ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সদরপুর উপজেলার ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে এমপি বাবুল বলেন, ‘শুধু মেধাবী নয়, ভালো মানুষ হতে হবে। বলা হয়, মানুষ তার স্বপ্নের সমান বড়। সেই স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়, বরং জেগে জীবনের জন্য স্বপ্ন বোনা। তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষ মৃত মানুষের সমান। তোমরা স্বপ্নকে সত্যি করতে পারলেই জীবনে সাফল্য আসবে। স্বপ্নকে সত্যি করে সাফল্য ছিনিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘আমি মেধাবীদের পক্ষে। আমি মেধা এবং মেধাবীদের সম্মান করি। যদি এক হাজার মানুষের সমাবেশ হয় এবং পাশাপাশি ১০ জন মেধাবীর সমাবেশ হয়, তাহলে আমি মেধাবীদের পাশেই থাকতাম। জীবনের সাফল্য এমনি এমনি আসে না। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয়।’
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকের এই মেধাবী মুখগুলোই আগামীর দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিটি যুগোপযোগী পদক্ষেপে বর্তমান সরকার সবসময় পাশে রয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাধনার ফলেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে তাদের আরও বেশি মনোযোগী হতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম বাবুল।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সদরপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৮১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

