বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে গুলিয়ে খাবে আ.লীগ: এমপি বাবুল

বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে গুলিয়ে খাবে আ.লীগ: এমপি বাবুল
মাদক বিরোধী সমাবেশে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল।

জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের জন্য সুবিধা তৈরি করছে দাবি করে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘হিসাব করে দেখেন, আজকে যদি বিএনপি না থাকে, তাহলে জামায়াত-এনসিপির কয়েকজন নেতাকর্মীকে আওয়ামী লীগ গুলিয়ে খেয়ে ফেলবে। তাই জামায়াত-এনসিপিকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি বিএনপিকে দুর্বল করতে চান, তাহলে আপনারাই মহাবিপদে পড়ে যাবেন। কিন্তু বিএনপির কিছুই হবে না।’

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সর্দারবাড়ি মোড় এলাকায় আ. মজিদ খাঁর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘১৭ বছর লড়াই-সংগ্রাম করে ক্ষমতায় এসেছি। পাঁচ মাস যেতে না যেতেই আপনারা আরেকটা গণঅভ্যুত্থানের চিন্তা করেন। আপনারা ছিলেন অন্ধকারে, বিএনপির কারণে আলোর মুখ দেখেছেন। সংসদে এসেছেন, বিরোধী দল হয়েছেন। এখন বিএনপিকে উল্টিয়ে দেবেন। মনে রাখবেন, বিএনপির শিকড় এত দুর্বল নয়।’

তিনি আরো বলেন, ১৭ বছরে আওয়ামী লীগ সরকার জামায়াতের বহু নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে, গুম-খুন করেছে। তখন তো আপনারা অভ্যুত্থান করতে পারেন নাই বা সরকার উল্টাতে পারেন নাই। এখন সকাল-বিকেল সরকার উল্টিয়ে ফেলবেন আর এ দেশের জনগণ কি আঙুল চুষবে?’

অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, ‘১৭ বছর গুম, খুন, হাজারো মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে লড়াই-সংগ্রাম করে এ দেশ থেকে আমরা স্বৈরাচার বিতাড়িত করেছি। এখন যারা বিএনপিকে ভয় দেখান, তারা নেহাত বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা, যারা সাগর শয্যায় বসবাস করে, তাদের শিশিরকণার ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

মাদকবিরোধী এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা ও সদস্যসচিব আ. কুদ্দুস বাদশা।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. আরমান আলী শিকদার। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফর।

জানা যায়, উপজেলার স্পেনপ্রবাসী বিএনপি নেতা ইউনুচ আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এই মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...