শহীদ রুবেলের মায়ের কান্নায় এখনো ঘুম ভাঙে পরিবারের

ওয়াসিম সোহাগ, তাড়াইল (কিশোরগঞ্জ)

শহীদ রুবেলের মায়ের কান্নায় এখনো ঘুম ভাঙে পরিবারের
ফাইল ছবি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের শহীদ তরিকুল ইসলাম রুবেলের মায়ের কান্না এখনো থামছে না । মায়ের কান্নায় পরিবারের সবার ঘুম ভাঙে। রুবেল হত্যার সুষ্ঠু বিচার চায় তার পরিবার ।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তরিকুল ইসলাম রুবেলের মৃত্যুর দুই বছর পেরিয়ে গেলেও থামেনি পরিবারের কান্না। সময়ের সঙ্গে ক্ষত শুকায়নি; বরং প্রতিটি রাত, প্রতিটি উৎসব আর প্রতিটি স্মৃতি যেন নতুন করে শোকের দরজা খুলে দেয়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের ফরিদ উদ্দিনের ছোট ছেলে তরিকুল ইসলাম রুবেল। পরিবারের সদস্যরা জানান, রুবেল ছিলেন সবার আদরের সন্তান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সচেতন ছিলেন তিনি। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান। সেদিন থেকেই পরিবারের সুখ-শান্তি যেন চিরতরে হারিয়ে গেছে।

রুবেলের বড় ভাই তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ইফতেখারুল ইসলাম জুয়েল কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিন রাত গভীর হলে মায়ের কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। মা এখনো ছেলের কথা বলতে বলতে অঝোরে কাঁদেন। আমরা তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই না। সন্তান হারানোর যে বেদনা, তা কোনো কথায় মুছে দেওয়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করি মাকে স্বাভাবিক রাখতে। কিন্তু রুবেলের ব্যবহৃত জিনিসপত্র, ছবি কিংবা তার স্মৃতিগুলো সামনে এলেই মা ভেঙে পড়েন। পুরো পরিবার আবার সেই বিভীষিকাময় দিনের স্মৃতিতে ফিরে যায়।

রুবেলের আরেক বড় ভাই সোহেল বলেন, আগে ঈদ ছিল আমাদের পরিবারের সবচেয়ে আনন্দের সময়। প্রতি ঈদেই রুবেল রাতের গাড়িতে বাড়ি আসত। আমি নিজে বাসস্ট্যান্ডে গিয়ে তাকে নিয়ে আসতাম। এখন ঈদ এলে যখন কোনো ফোন আসে না, তখন বুকটা হাহাকার করে ওঠে। ঘরের আনন্দ আর নেই। ঈদে চারদিকে শুধু কান্নার শব্দ। ঈদ আমাদের কাছে এখন শোকের দিন।

তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন বলেন, জুলাই বিপ্লবে শহীদ রুবেলের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার আত্মত্যাগ বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রেরণা হয়ে থাকবে। আমি শহীদ রুবেল হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করার দাবি জানাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন