ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়ল ফেনসিডিল হাতে সেলফি তোলা বিপ্লব

ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়ল ফেনসিডিল হাতে সেলফি তোলা বিপ্লব

মাদারীপুর সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত বিপ্লব মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকার বিল্লাল মাতুব্বরের ছেলে। তিনি এর আগে ফেনসিডিল হাতে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আলোচনায় এসেছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব মাতুব্বরকে আটক করে।

পুলিশের দাবি, ওই সময় তিনি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তীতে যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে তিনটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং-সংক্রান্ত তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বিপ্লব মাতুব্বরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন