রাজৈর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ, পরিচয় খুঁজছে পুলিশ

রাজৈর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ, পরিচয় খুঁজছে পুলিশ

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে রয়েছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজৈর থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিকেলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, লাশটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদি বিদ্যুৎ কেন্দ্রের পাশে এক ভ্যানচালক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়, তবে কথা বলতে না পারায় তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

চিকিৎসকরা জানান, তার মাথার পিছনে গুরুতর আঘাত ছিল। পরিচয় না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করাও সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান আমার দেশকে বলেন, ‘নিহত ব্যক্তি কারো বাবা, ভাই, সন্তান বা স্বামী হতে পারেন। তার পরিচয় শনাক্তে গোপালগঞ্জ থানা, মুকসুদপুর থানা, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি ও ভাঙ্গা হাইওয়ে থানায় বিষয়টি জানানো হয়েছে। একইসাথে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমেও পরিচয় জানার চেষ্টা চলছে।’

তিনি আরো বলেন, ‘সংবাদ প্রচারের মাধ্যমে যদি কেউ তাকে শনাক্ত করতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। যে কেউ যদি ছবির মাধ্যমে বা খোঁজে ওই ব্যক্তিকে চিনে থাকেন, অনুগ্রহ করে রাজৈর থানায় বা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করুন।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন