ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই গ্রাম। এ ঘটনায় পুলিশবাদী মামলায় ৩৯ জনকে আসামি করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, শামীম (৩০), রাকিব (১৯), রিপন (৩২), শহিদুল ইসলাম (৩০), স্বপন (৩৫), কফিল (৫৭), মাসুদ (৪৩), এখলাস (১৯), শামীম (৩২), জালাল উদ্দীন নয়ন (৪৫), জুয়েল (২৮), আসাদ (৩৫), হানিফ (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌরসদরের টানলক্ষিয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে পরদিন শনিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ফের দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পাকুন্দিয়া থানার ওসি আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং আটক করা হয় উভয়পক্ষের ১৩ জনকে।

এ দিকে শনিবার রাতেই পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো হাজারো ব্যক্তিকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন