কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সৌজন্য সাক্ষাতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
কটিয়াদী-পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনে এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সাক্ষাৎকালে তিনি মাওলানা শফিকুল ইসলাম মোড়লের খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় পরাজিত প্রার্থী নির্বাচিত এমপিকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। পুরো পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক।
উভয় নেতা কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ ঘটনা এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

