শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ। এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবরকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানায়, বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরায় বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরের কাছে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে তার বসতবাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকা রুমা আক্তার নামের এক নারীকে আটক করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে পিস্তলের কভার, পিস্তলের সিলিং, অস্ত্র পরিষ্কার করার ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ এবং চাপাতি, ছুরিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিয়ে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযান পরিচালনাকালে তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এক নারীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার সঙ্গে যে নারী রয়েছেন, ওনার পরিবার বলছে তারা বিয়ে করেছেন, তাই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

