চাঁদাবাজির টাকায় জন্ম জামায়াতের: এমপি খোকন

চাঁদাবাজির টাকায় জন্ম জামায়াতের: এমপি খোকন

জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পেরে দিশেহারা হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জামায়াতের জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে এবং দলের সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

মঙ্গলবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যদের সমালোচনা করে খোকন তালুকদার বলেন, বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক অবস্থানের নেতৃত্বে আছেন, তাদের কেউ কেউ অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে আবোল-তাবোল কথা বলছেন। তাদের বিগত দিনের রাজনৈতিক ইতিহাস দেখলে দেখা যাবে, একসময় তারা আওয়ামীলীগের স্লোগান দিতে দিতে মুখ ব্যথা করে ফেলেছেন। এখন তারাই আওয়ামীলীগের বিরোধিতা করছেন। একই সঙ্গে তারা বিএনপিকেও ছোট করার চেষ্টা করছেন।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচারের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির প্রকৌশলী রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ এবং উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন