সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রনি অস্ত্রসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রনি অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রনিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৮। গত শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে তাঁর নিজের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার রনির বিরুদ্ধে গত সোমবার (১২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে সাহেব আলীকে (৪০) গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে রনিকে প্রধান হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়।

র‍্যাব-১১ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে র‍্যাব-১১ ও র‍্যাব-৮-এর একটি যৌথ দল ভেদরগঞ্জের শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করে। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জে তাঁর বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন সাহেব আলী। র‍্যাবের ভাষ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে চলা গোলাগুলির সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি খালে পড়ে যান এবং হামলাকারীরা সে অবস্থাতেও তাঁকে লক্ষ্য করে গুলিবর্ষণ অব্যাহত রাখে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাব্বিরকে এর আগে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার রনির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন