সাভার বিকেএসপিতে নতুন কুঁড়ি প্রতিযোগীদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

সাভার বিকেএসপিতে নতুন কুঁড়ি প্রতিযোগীদের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে দেশব্যাপী উদীয়মান তরুণ ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগীদের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে বিকেএসপিতে নির্বাচিত সেরা ৩০৬ জন উদীয়মান খেলোয়াড়কে নিয়ে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের বন্ধুপ্রতিম দেশ চীনও বিভিন্নভাবে সহযোগিতা করছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীন আরও এগিয়ে যেতে চায়।

প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন কুঁড়ির শিক্ষার্থীদের পাশে সরকার রয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, তিনি একসময় খেলোয়াড় ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দেন। গত ১৭ বছর স্বৈরাচার সরকারের সময় আন্দোলন-সংগ্রামে জেল-জুলুমের শিকার হলেও তিনি হাল ছাড়েননি। মানুষের ভালোবাসায় পরবর্তীতে তিনি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলেও জানান।

তিনি নতুন কুঁড়ির প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, শুধু খেলাধুলায় ভালো করলেই হবে না, তাদের শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ চীন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে নির্বাচিত ৩০৬ জন উদীয়মান খেলোয়াড়কে বিভিন্ন ক্রীড়া বিষয়ে উন্নত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রতিভা আরও বিকশিত করে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন