ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তিন ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টা ৫০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার মধ্যরাতের পর হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। ভোররাতের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। পদ্মা নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌচলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৫০ মিনিট থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টা ৫০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমান স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, শীত মৌসুমেও ঘন কুয়াশার কারণে মাঝেমধ্যে এই নৌ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

