দীর্ঘদিনের যানজট দূর ও ফুটপাত দখলমুক্ত করা এবং জনদুর্ভোগের অবসান ঘটাতে নারায়ণগঞ্জ নগরীতে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ সোমবার থেকে এ অভিযান শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবি রোডের ফুটপাত বর্তমানে হকার ও দখলদারদের কারণে প্রায় অচল হয়ে পড়েছে। ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং সড়কে যানবাহন চলাচলেও তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতির অবসানে ৫ এপ্রিল অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেনÑনারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-১১-এর অধিনায়কসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে সিটি করপোরেশনের উদ্যোগে বিবি রোডে হকার উচ্ছেদ, অবৈধ দখল অপসারণ এবং অননুমোদিত পার্কিং বন্ধে অভিযান পরিচালনা করা হবে। অভিযানে নেতৃত্ব দেবেন এমপি আবুল কালাম এবং সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

